ফেনীতে ২১ টুকরা করা পিকআপ গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (শনিবার) রাত ১০টার দিকে সোনাগাজীর তুলাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সালা উদ্দিন কাদের নিশান (২৪), আব্দুল আজিজ তারেক ওরফে লেংড়া তারেক (২৪), মো. হাসান (১৯), ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)। এরা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার পৌরসভার ৫নং ওয়ার্ড তুলাতলীর আকাশ ডেন্টিং ওয়ার্কশপের মালিক আজাদ হোসেন আকাশকে (২৩) আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিকআপ গাড়ির ২১ টুকরা অংশ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে আরও চারজন জড়িত বলে স্বীকার করেন তিনি। এরপর পুলিশ বাকীদের গ্রেফতার করে।
এর আগে গত ২৮ মার্চ রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে সোনাগাজীর আকাশ ডেন্টিং ওয়ার্কশপে এনে ২১ টুকরা করে রাখা হয়। চক্রটি গাড়ি চুরি করে এনে টুকরো টুকরো করে খুচরা যন্ত্রাংশ বিক্রি করত।
সময়ের আলো/আরআই