সাভারে তেলের লরি উল্টে ৪ গাড়িতে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাস্তায় থাকা আরও দুটি ট্রাক

2024-04-02T09:35:42+00:00
2024-04-02T23:19:01+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
*গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন ৭ *মহাসড়কে আড়াই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল
সাভারে তেলের লরি উল্টে ৪ গাড়িতে আগুন, নিহত ২
নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৯:৩৫ এএম  আপডেট: ০২.০৪.২০২৪ ১১:১৯ পিএম
সাভারে তেলের লরি উল্টে ৪ গাড়িতে আগুন, নিহত ২
সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাস্তায় থাকা আরও দুটি ট্রাক ও একটি প্রাইভেট কারসহ মোট ৪টি গাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে একজন ও মেডিকেলে একসজনসহ দুজন মারা গেছেন। বর্তমানে দগ্ধ অবস্থায় সাতজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা মেডিকেল ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, নিহতরা হলেন- ইকবাল ও নজরুল ইসলাম। এদের মধ্যে ইকবালের গ্রামের বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন। আর নজরুল ইসলামের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, মহাসড়কের জোড়পুল এলাকায় সড়ক বিভাগের ডিভাইডার নির্মাণ কাজ চলায় পাথর দিয়ে ইউটার্ন করা হয়েছিল।

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একটি তেলবাহী লরি গাবতলী থেকে সাভার যাওয়ার সময় ইউটার্নের পাথরে লেগে উল্টে যায়। এতে লরিটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পেছনে আটকে থাকা কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেলবাহী লরিটি ছাড়াও দুটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুরোপুরি পুড়ে যায়।

নুরুল ইসলাম আরও জানান, আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একজনের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দগ্ধদের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইউনিটে একজনের মারা গেছে। দগ্ধদের অবস্থাও গুরুতর।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আট জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নজরুল (৪৫) নামে একজন হাসপাতালে আনার আগেই পথে মারা গেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইনস্টিটিউটের সাতজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জের মিলন (২২), বরগুনার মিম (১০), আল আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), সাকিব (২৪), হেলাল (২১) ও রাজশাহীর আব্দুস সালাম (৩৫)। এর মধ্যে হেলাল ও সাকিব শতভাগ দগ্ধ হয়েছেন। এছাড়া মিম ২০ শতাংশ, আল আমিন ১০ শতাংশ, নিরঞ্জন ৮ শতাংশ ও আব্দুস সালামের ৫ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসাধীন দগ্ধ প্রাইভেটকার চালক সালাম জানান, হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। হেমায়েতপুর জোড়পুল এলাকায় একটি তেলের লরি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে লরির আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

এ চালক আরও বলেন, আগুন লাগার সময় প্রাইভেটকারে কোনো যাত্রী ছিলো না। তবে আগুন লাগার পর তাৎক্ষণিক গাড়ি থেকে বের হতে গিয়ে মাথার একপাশে ও পায়ে দগ্ধ হয়েছেন।

দগ্ধ মিলন মোল্লা নামের এক যুবকের স্ত্রী জান্নাতি সাংবাদিকদের জানান, তার স্বামী সিমেন্ট বহনকারী ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করেন। ভোরে ট্রাকে করে কাজে যাওয়ার সময় আগুন লেগে গেলে দগ্ধ হন। পরে অন্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই রাসেল মোল্লা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ থানায় রাখা আছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে আড়াইঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: