লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর পবিত্র শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে মোট ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসান কবির সরকার পলাশ বলেন, সাধারণত সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীগণ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখলে স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যায়। তবে বন্ধের সময় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদের সবার সিদ্ধান্ত মোতাবেক শবেকদর, ঈদ, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটিসহ উল্লিখিত তারিখ অনুযায়ী ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আগের নিয়মে চালু করা হবে। এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন ১০ দিন বন্ধ রাখার চিঠি পেয়েছেন বলে জানান।
স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, ‘শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা এবং সচল করার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা আমদানি-রফতানি না করলে স্থলবন্দর মূলত অচল হয়ে পড়ে।
সময়ের আলো/আরএস/