নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অন্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চর পার্বতী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক সোহান (২২) ও সাইফুল ইসলাম পিয়াস (২০)। সোহান কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে ও পিয়াস একই ওয়ার্ডের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলো ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছিলো। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। ঈদকে কেন্দ্র করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আরআই