ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা লাকসাম থানার মনোহরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. আশিক, আমির আলীর ছেলে আবুল খায়ের (৩৫) ও চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সাততলা গ্রামের রুহুম আমিনের ছেলে রিপাত (১৬), ইয়াছিনের ছেলে সাজ্জাদ (১৬) ও নুর আহম্মদের ছেলে দ্বিন মোহাম্মদ এবং বরিশাল উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের নিহত রিপাত, সাজ্জাদ ও দ্বীন মোহাম্মদ ঈদ উদযাপন করার লক্ষ্যে কেনাকাটা করার জন্য চট্রগ্রাম গিয়েছিল। মৃত্যুতে তাদের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়। ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয় বলে জানা গেছে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, এ ঘটনায় দুইজন লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।
সময়ের আলো/আরআই