বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ওভারটেক করার সময় চলন্ত বাসের সঙ্গে প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এরমধ্যে তিনজনই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত একজনের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত তিনজন হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ফাইন হোসেন মন্ডল (৫৫), চারমাথা বাস টার্মিনালের চেইন মাস্টার আব্দুল হান্নান (৪৪) এবং আলমগীর হোসেন (৪২)। এছাড়া দুপুর পৌনে দুইটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করছিল নওগাঁগামী প্রাইভেট কার। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং নারীসহ দুইজনকে হাসপাতালে পাঠানো হয়।
বগুড়া ছিলিমপুর (শজিমেক হাসপাতাল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছার রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মরদেহ মর্গে রয়েছে, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে আহত নারীর অবস্থা ভালো।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে হয়েছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। বাসের চালক ও সহকারীকে শনাক্তের কাজ চলছে।