ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন করছে। শনিবার সকাল ৯টায় নগরীর রূপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইলের ভিতরে এ কর্মসূচি পালন করে এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী’র সভাপতিত্বে বক্তারা বলেন, ঈদের মাত্র ৩ দিন বাকী অথচ এখন পর্যন্ত মালিক শ্রমিকদের বকেয়া বেতন বা ঈদ বোনাস পরিশোধ করেননি। ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার কথা থাকলেও ২৬ রমজানে এসেও মালিক শ্রমিকদের বেতন দিচ্ছেনা। ঈদের আগে পাওনা অর্থ না দেয়া শ্রমিকদের সাথে অমানবিক অন্যায়। এতে করে সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করা প্রায় ৪০০ শ্রমিকের পরিবারের ঈদ উৎসব অনিশ্চিত হয়ে যাচ্ছে, বেতন না পাওয়ায় সংসার চালানো নিয়েও টানাটানি তৈরি হয়েছে।
এসময় বক্তারা অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইলে কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করার দাবি জানান। অন্যথায় শ্রমিকরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশ থেকে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনসহ শ্রমিকরা।
সময়ের আলো/আরআই