গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় রায়হান আকন্দ (৩৫) নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশা চালক রায়হান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে যাত্রী নামিয়ে দেয়। এরপর অটোরিকশাটি মহাসড়কের উপর ইউটার্ন নেয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় অটোরিকশা চালক রায়হানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
সময়ের আলো/আরআই