সিলেটের গোয়াইনঘাটে কুয়া পরিষ্কার করতে গিয়ে কাওসার আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ জন। উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফরকান খন্দকারের ছেলে কাওসার আহমেদ বাড়িতে থাকা কূপের ময়লা পরিষ্কার করতে নিচে নামলে অক্সিজেন না পেয়ে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সিফাত, রায়হান ও ইদ্রিস আলী তাকে উদ্ধার করার জন্য কুয়ার নিচে নামেন। তারাও অসুস্থ হয়ে পড়লে চার্জার ফ্যান দড়ি দিয়ে বেঁধে নিচে ছেড়ে দেওয়ায় তাদের অবস্থা একটু স্বাভাবিক হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওপরে তুলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে জানান, অক্সিজেন না থাকার কারনেই এমনটি হয়েছেন। পরে তাদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কাওসার আহমেদ কে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সময়ের আলো/আরএস/