নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে পানিতে ডুবে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মহাষ্টমীর স্নানোৎসবের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জল দাসের ছেলে। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ঐতিহাসিক এই স্নানোৎসবে এসেছিলো সে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
পুলিশ জানিয়েছে, শিশু রাজদ্বীপ আজ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/আরআই