ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধের ঘোষণা এমপি একরামের

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর)

2024-04-17T23:19:37+00:00
2024-04-17T23:19:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধের ঘোষণা এমপি একরামের
উপজেলা নির্বাচন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১১:১৯ পিএম 
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধের ঘোষণা এমপি একরামের
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নোয়াখালীর সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের শিউলী একরাম বাজারে একটি পথ সভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এমপি একরাম ওই ঘোষণা দেন। 

ওই বক্তব্য স্থানীয়দের অনেকেই মুঠোফোনে ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সে ভিডিও ছড়িয়ে পড়ে। সংসদ সদস্যের এ ঘোষণা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন।
 
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিন বারসহ বর্তমান উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

জেলা আওয়ামী লীগের দলীয় অন্তঃকোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিমের বিপক্ষে অবস্থান নিয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ছেলেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করিয়েছেন বলে দলের নেতাকর্মীরা মনে করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের শিউলী একরাম বাজারে দেওয়া ওই বক্তব্যের একটি অংশে উল্লেখ করেন, “যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় আমি কোন উন্নয়নে হাত দিব না। স্ব স্ব এলাকা। গিভ অ্যান্ড টেক। আমাকে দিবেন, আমি আপনাদের দিব। আমারে এমপি বানাইছেন, আমি তো বলছি, ৫ বছর ক্ষমতায় আছি, এখন আমার মন মতো উপজেলা চেয়ারম্যান যদি বানান, আমার মিডেলম্যান (মাঝের ব্যক্তি) আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। আপনাদের... আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি। পরে এখানের যেকোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ-দুঃখের কথা বলব।”

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর এমন বক্তব্য নিন্দনীয় বলে উল্লেখ করেছেন তার ছেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, নির্বাচনে ভোটারেরা যে প্রার্থীকে পছন্দ করবেন তাকে ভোট দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার (একরামুল করিম চৌধুরী) মতো একজন ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ভোটারদের এলাকায় উন্নয়ন না করার হুমকি-ধমকি দেওয়া মোটেই সমীচীন নয়। শুধু উন্নয়ন না করার হুমকিই নয়, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করে ভোটারদের আরও নানা হুমকি দিচ্ছেন। তিনি এসব হুমকির বক্তব্যের ভিডিওসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, “ভোটারদের উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তিনি কোন বক্তব্য দেননি। এলাকার উন্নয়ন নিয়ে দেওয়া তার বক্তব্যের কোন একটি অংশকে কাটাছেঁড়া করে এডিট করে কেউ তা উদ্দেশ্যমূলক ভাবে প্রচার করছে। তাছাড়া তার ছেলেকে তিনি নির্বাচনে প্রার্থী করেননি। তার ছেলে একজন ব্যবসায়ী। এলাকার জনগণ জোর করে তাকে প্রার্থী করিয়েছে। সে এমনিতেই জিতবে।”
 
সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার বিষয়ে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই কাউকে নির্বাচনে প্রার্থী হিসেবে গণ্য করা হয়। এখনো সময় শেষ হয়নি। তার আগে সংসদ সদস্য তার পরিবারের সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে পারেন। তবে সূবর্ণচরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর সংসদ সদস্যকে ছেলের পক্ষে মাঠে নামতে দেওয়া হবে না।

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপজেলা নির্বাচন  এমপি-একরামুল করিম চৌধুরী  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: