ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে এমভি আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

দুবাই বন্দরের আরও কাছে পৌঁছে গেছে জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলতে

2024-04-18T00:40:43+00:00
2024-04-18T00:40:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে এমভি আবদুল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১২:৪০ এএম 
ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে এমভি আবদুল্লাহ
দুবাই বন্দরের আরও কাছে পৌঁছে গেছে জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলতে থাকা জাহাজটি ২২ এপ্রিল বাংলাদেশ সময় বেলা ১১টা নাগাদ ওই বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে। বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সমুদ্রের অতিঝুঁকিপূর্ণ এলাকা পার করেছে। এখন আর খুব বেশি ঝুঁকি নেই বলে জানিয়েছে জাহাজটির মালিক পক্ষ।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার সময়ের আলোকে বলেন, হাইরিস্ক (ঝুঁকিপূর্ণ) এলাকা পার হওয়ায় জাহাজটির জন্য এ মুহূর্তে কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই। ঝুঁকি না থাকলেও ইউরোপীয় ইউনিয়নের দুটি জাহাজ এমভি আবদুল্লাহকে এখনও পাহারা দিচ্ছে। এতে আবদুল্লাহর নাবিকদের মনোবল শক্ত আছে। জাহাজটি যে গতিতে চলছে তাতে আমরা আশা করছি ২২ এপ্রিল সকাল ১০টা-১১টার মধ্যে দুবাই আল হামরিয়া বন্দরে পৌঁছে নোঙর করতে পারবে। 

এদিকে এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ গণমাধ্যমের কাছে জলদস্যুদের নিয়ন্ত্রণে যাওয়ার আগ মুহূর্ত থেকে মুক্তির সময় পর্যন্ত নানা দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, অস্ত্রের মুখে নাবিকদের জিম্মি করে জাহাজে ত্রাসের রাজত্ব কায়েম করে জলদস্যুরা। জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া ঠেকাতে নানা চেষ্টা করলেও তারা সফল হননি।

এক পর্যায়ে পুরো জাহাজ জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যায়। জাহাজটিতে ঈদের নামাজ আদায়ের পর যে ছবি স্বজনদের কাছে পাঠানো হয় তা দেখে ক্ষেপে যায় জলদস্যুরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করে তারা। জাহাজটি জলদস্যুদের কবলে পড়া থেকে রক্ষা করতে জরুরি বার্তা পাঠিয়ে তাৎক্ষণিক কারও সাড়া না পাওয়ার কথাও বলেন তিনি। 

এ প্রসঙ্গে আবদুর রশিদ বলেন, সাহায্যের জন্য বার্তা পাঠালেও কেউ সাড়া দেয়নি। ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের জাহাজ যখন সহায়তায় এগিয়ে আসে তখন অনেক দেরি হয়ে যায়। জলদস্যুরা মাথায় বন্দুক ঠেকিয়ে উদ্ধারকারী জাহাজকে সরে যেতে বলতে আমাদের বাধ্য করে। নানা ঘটনার পর মুক্ত হয়ে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। 

অন্যদিকে নাবিকরা কতজন কীভাবে ফিরছেন-এ প্রশ্নে মিজানুল ইসলাম বলেন, ২৩ নাবিকের মধ্যে দুজন বিমানে দুবাই থেকে ফেরার কথা জানান। বাকিরা জাহাজে করেই চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। তবে জাহাজটি দুবাই বন্দরে পৌঁছার পর দেশে ফেরার সিদ্ধান্তে আরও পরিবর্তন আসতে পারে। 

গত ১৪ এপ্রিল বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয় এমভি আবদুল্লাহ। জাহাজটি এখন দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশে এগোচ্ছে। গত ১২ মার্চ জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: