জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিটি পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে গবাদিপশু পালনের কোন বিকল্প নেই। কারণ বিপদের সময় তাদের লালন করা পশুগুলোই কাজে লাগে। তাই গবাদি পশুপালনে মানুষকে উদ্বুদ্ধ করতে জেলায় প্রশিক্ষণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রয়েছে কর্মসংস্থান ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা সংস্থা ও সমাজসেবা অফিস থেকে মানুষ এখন স্বল্প সুদে ঋণ নিতে পারছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী গবাদিপশু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বক্তব্য রাখেন তিনি।
মন্ত্রী বলেন, জেলায় একটি প্রকল্পের মাধ্যমে এক লাখ টাকা করে ঋণে একটি করে গরু প্রদান করা হচ্ছে। এখন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে সরকার। তাই প্রতিটি মানুষ সরকারের এসব সুযোগ সুবিধা নিয়ে স্বাবলম্বী হতে পারেন। সরকারের এসব সুযোগ সুবিধা কাজে লাগাতে পারলে চাকরি থেকে অবসর অথবা আর কোন বেকারের কর্মসংস্থানের অভাব হবেনা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস.এম নাজমুল হক, ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারিছুল আবিদ।
অনুষ্ঠানে ৫২ জন সফল খামারি অংশগ্রহণ করেন। পরে ২৬ জন খামারিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বিশেষ পুরষ্কারে ভূষিত হন ৮ জন খামারি।
অপরদিকে, “প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের চত্বরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌরসভার মেয়র আহমেদ আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
মেলায় ৪৪টি সফল খামারি অংশগ্রহণ করেন। প্রধান অতিথিসহ অতিথিবর্গ বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও খামারিদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়।
একইভাবে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
সময়ের আলো/আরআই