চলমান তীব্র তাপদাহে ফেনীর পরশুরাম মুহুরি নদীতে গোসল করতে নেমে আবুল হাসান (২১) নামে নৌ-বাহিনীর এক নাবিক নিখোঁজ হয়। নিখোঁজের ৭ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
রোববার (২১ এপ্রিল) সকালে হাসানের জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
এর আগে শনিবার (২০ এপ্রিল) দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় মুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে হাসান।
জানা যায়, হাসান চট্টগ্রাম নৌঘাঁটিতে নাবিক পদে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে আসেন তিনি। গতকাল (শনিবার) দুপুরে তীব্র তাপদাহে ৪ বন্ধুর সাথে মুহুরি নদীর নাজির বাড়ির সংলগ্ন ঘাট দিয়ে গোসল করতে নামলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান হাসান। তাৎক্ষণিক ভাবে বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দেয়। রাত সোয়া ৯ টার দিকে ডুবুরী দল হাসানের লাশ উদ্ধার করে।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় নিখোঁজ হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।