পাবনা চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের নেতীগাছা গ্রামের মো. আলাল উদ্দিন আলাল (৪৫) নামে এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সম্পর্কে চাচা ঈশ্বরদী আটঘরিয়া অঞ্চলের সাবেক সংসদ পাঞ্জাব আলী বিশ্বাস। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই তথ্য দিয়ে সবাইকে অবগত করেন।
নিহত আলাল উদ্দিনের বাবার নাম ইউসুফ আলী।
চাচার দেওয়া তথ্যে জানা গেছে, কৃষক আলাল আজ সকালে চাটমোহর হাটে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে আসার পরে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আটঘরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পাবনা সদর হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে তখন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আয়শা সিদ্দিকী বলেন, কৃষক আলাল উদ্দিনকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে তখন সে মৃত। প্রাথমিক পরীক্ষার পরে বিষয়টি পরিবারকে বলা হয়েছে। তবে পরিবারে সাথে কথা বলার পরে ধারণা করা হচ্ছে অত্যধিক গরমে তার মৃত্যু হতে পারে। তবে সেটি সঠিক বলতে হলে তাকে ডাক্তারি পরীক্ষা করে বলতে হবে।
প্রসঙ্গত, পাবনা জেলায় গত দুই দিনে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সময়ের আলো/আরআই