দুবাইয়ে কয়লা খালাস করছে এমভি আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার আট দিনের মাথায় এমভি আবদুল্লাহ দুবাই বন্দরে নোঙর করেছে। গতকাল রোববার বাংলাদেশ সময় বিকাল

2024-04-22T02:20:42+00:00
2024-04-22T02:20:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দুবাইয়ে কয়লা খালাস করছে এমভি আবদুল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ২:২০ এএম 
দুবাইয়ে কয়লা খালাস করছে এমভি আবদুল্লাহ
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার আট দিনের মাথায় এমভি আবদুল্লাহ দুবাই বন্দরে নোঙর করেছে। গতকাল রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। সেখানে জাহাজটি থেকে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হচ্ছে। 

জাহাজটির মালিক কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম রোববার সময়ের আলোকে বলেন, এমভি আবদুল্লাহ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটির সবাই সুস্থ আছেন। জাহাজটি জেটিতে ভেড়ার পর কিছু প্রক্রিয়া শেষে কয়লা খালাস শুরু হয়। এর আগে দুবাই বন্দরের বার্থিং শিডিউল ফলো করে জেটিতে ভেড়ানো হয় জাহাজটি। এরপর শুরু হয় কয়লা খালাস। এখন আর কোনো সমস্যা নেই। 

নাবিকরা কবে ফিরবে এ প্রশ্নে তিনি বলেন, দুজন নাবিক বিমানে করেই দেশে ফেরার কথা জানিয়েছেন। দুজনের এখনই ফেরা সম্ভব নয়। কারণ ভিসা নেওয়া ফ্লাইট, টিকেটসহ সবকিছু নিশ্চিত হওয়ার পরই তারা দেশে ফিরবেন। বাকি নাবিকরা জাহাজে করেই ফেরার কথা রয়েছে। জাহাজে ফিরলে তারা দেশে পৌঁছবেন আগামী মে মাসের প্রথম সপ্তাহে।  

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রোববার জানান, দুবাইয়ের আল হামরিয়া বন্দর একটি বড় পরিসরের বন্দর। জাহাজটি ভেড়ার পরপরই জেটিতে ভিড়তে পারবে না। এজন্য বার্থিং শিডিউল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বার্থিং শিডিউল অর্থাৎ জেটিতে ভেড়ার অনুমতি পাবে জেটি খালি থাকা সাপেক্ষে। সে ক্ষেত্রে রোববার রাতে কিংবা সোমবার সকালে জাহাজটি জেটিতে ভিড়তে পারবে। এরপর শুরু হবে জাহাজটির ৫৫ হাজার মেট্রিকটন কয়লা খালাস। কয়লা খালাস শেষ করতে অন্তত তিন থেকে চারদিন লাগবে। এরপরই জাহাজটি বাংলাদেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে।

এসআর শিপিং সূত্র জানায়, দুই নাবিক দেশে ফিরবেন বিমানে করে। ফেরার বিষয়টি তারা মালিক পক্ষের কাছে আগেই জানিয়েছেন। তারা হলেন-সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী ও জেনারেল স্কোয়াড মোহাম্মদ নুর উদ্দিন। ভিসাসহ ফেরার প্রক্রিয়া শেষ হলে তারা ফ্লাইটে উঠবেন দেশের উদ্দেশে। বাকি ২১ জন নাবিক জাহাজে করে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছবেন। তবে এর মধ্যে আরও নাবিক যদি বিমানে করে দেশে ফিরতে চান সেই সুযোগও রয়েছে। 

গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা বোঝাই করে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর দীর্ঘ এক মাস জলদস্যুদের ডেরায় জিম্মি ছিল সেটি।

গত ১৩ (এপ্রিল) সোমালিয়ার সময় রাত ১২টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) এমভি আবদুল্লাহ ২৩ নাবিক জলদস্যুদের কবল থেকে মুক্তি পায়। ওই দিনই জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ এক মাস নাবিকরা দস্যুদের কাছে জিম্মি ছিলেন। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে রওয়ানা দেওয়ার আট দিনের মাথায় জাহাজটি দুবাই বন্দরে পৌঁছল। এ সময় জলদস্যুপ্রবণ বিপজ্জনক সমুদ্র এলাকা পাড়ি দিতে হয়েছে। দুবাই পৌঁছার পর নাবিকদের উৎকণ্ঠার অবসান হয়।

এস আর শিপিংয়ের অধীনে মোট ২৪টি জাহাজের বহরে সর্বশেষ যুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। ২০১৬ সালে তৈরি জাহাজটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার। প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ড্রাফট ১১ মিটারের কিছু বেশি। গত বছর জাহাজটি এস আর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক।মালিকানা পরিবর্তনের পর জাহাজের নাম রাখা হয় এমভি আবদুল্লাহ।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: