সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়াহ বন্দর জেটিতে ভিড়েছে। সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টার পর জাহাজটি বন্দর জেটিতে বার্থিং নেয়। তীরে ভেড়ার পর পরই নাবিকরা দেখা পান জাহাজ মালিকের। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জাহাজ মালিকের উপস্থিতে নাবিকদের বন্দরে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
নাবিকরা এখন দেশে ফেরার অপেক্ষায়। জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আট দিন পর গত রোববার বিকেলে জাহাজটি আল হামরিয়াহ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এদিকে এমভি আবদুল্লাহ জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার আগে কার্গো বোঝাই নিশ্চিত হয়েছে। দুবাইয়ের আরেক বন্দরেই কার্গো ভর্তি করা হবে। এরপর জাহাজটি দেশে রওয়ানা দেবে।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, বার্থিং নেয়ার পর কয়লা খালাস শুরু করেছে। খালাস শেষ করতে ৫ থেকে ৬ দিন সময় লাগবে। আগামী রোববারের মধ্যে কয়লা খালাস শেষ হতে পারে। জাহাজটি জেটিতে ভেড়ার পর কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে যাওয়া কোম্পানির একটি টিম জাহাজের নাবিকদের স্বাগত জানান। তারা নাবিকদের খোঁজখবর নেন।
তিনি বলেন, সেখানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কমার্সিয়াল কাউন্সিলর।
নাবিকরা কবে দেশে ফিরছে এ প্রশ্নে তিনি বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দুজন নাবিক বিমানযোগে বাংলাদেশে ফেরার কথা ছিল। এ ছাড়া বাকি ২১ নাবিক জাহাজেই ফিরবেন। তবে দুই নাবিকের বিমানে দেশে ফেরার সিদ্ধান্ত এখনো বহাল আছে কিনা জানিনা।
এসআর শিপিং সূত্র জানায়, জাহাজটি কয়লা খালাস শেষে চট্টগ্রাম বন্দরের জন্য কার্গো বোঝাই করে আগামী সপ্তাহে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে। আগামী ১০ থেকে ১২ মের মধ্যে জাহাজটি চট্টগ্রাম পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য: গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। জাহাজের মালিকপক্ষের তৎপরতায় জলদস্যুদের সাথে সমঝোতায় এক মাসের বেশি সময় পর ১৩ এপ্রিল রাতে ৬৫ জন জলদস্যু জাহাজ থেকে নেমে যায়। ১৪ এপ্রিল বাংলাদেশ সময় ভোর রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে সোমালিয়ার উপকূল থেকে দুবাই বন্দরের পথে রওনা দেয়। ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ভারত মহাসাগরে জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ায় কয়লা খালাসে দেরি হয়ে যায়।
সময়ের আলো/জিকে