প্রার্থীর তালিকায় নাম নেই, তবুও চালাচ্ছেন প্রচার-প্রচারণা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯:৫১ পিএম
প্রার্থীর তালিকায় নাম না থাকলেও প্রতিনিয়ত চলছে টেলিফোন মার্কার নির্বাচনী মাইক। শহর জুড়ে পোস্টার, সন্ধ্যা হলেই মিছিল। ছবি: সময়ের আলো
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের প্রার্থীর তালিকায় তার নাম নাই, বৈধ যাচাই বাছায়েও তার নাম ছিলনা এমনকি প্রতীক বরাদ্দের দিনেও তার নামে কোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু তিনি পোস্টার মাইকিংসহ সকল প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি হলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিসুর রহমান খোকা। তিনি টেলিফোন প্রতীকে অনলাইন ও সরাসরি ভোটের প্রচার করছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম আনিছুর রহমান খোকা বলছেন, হাইকোর্টের রায় আছে। আমি নির্বাচন করতে পারবো এবং আমার প্রতীক টেলিফোন। এমনকি প্রতিনিয়ত চলছে তার টেলিফোন মার্কার নির্বাচনী মাইক, শহর জুড়ে পোস্টার, সন্ধ্যা হলেই চলছে মিছিল।
ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের জেলা নির্বাচন অফিসার মোখলেচুর রহমান বলেন, আনিসুর রহমান খোকা এখনও পর্যন্ত অফিসিয়ালি পূর্ণ প্রার্থী নয়। তিনি নিদিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন সাবমিট করতে পারেনি, তবে হাইকোর্টের একটা রিটের কাগজ পেয়েছি, তার নিকট থেকে। তাতে প্রতীক বা নির্বাচন করার আদেশ নেই। তবে পূর্ণ রায় হলে সম্ভাবনা থাকতেও পারে। পূর্ণ রায়ের আগে তিনি কি ভাবে নিশ্চিত হয়ে টেলিফোন মার্কার ভোট চাচ্ছেন তা আমাদের জানা নেই। তবে আদেশ পাবার আগে কেউ মার্কা ব্যবহার করলে তা নির্বাচনী আইন লঙ্ঘন বলে গণ্য হবে। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বাছাই, প্রতীক বরাদ্দ এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ অতিবাহিত হয়েছে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।