দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৫ নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ২ জন চেয়ারম্যান পদে, ২ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলো- চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা বিএনপির এক অংশের আহ্বায়ক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহিলা দল নেত্রী মোসা. রেশমাতুল আরস রেখা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ২০১৯ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে মো. বাবর আলী বিশ্বাস, মো. আনোয়ারুল ইসলাম, মো. কামাল উদ্দিন, মোসা. রেশমাতুল আরস রেখাকে বহিষ্কার করা হয়েছিলো। পরবর্তীতে দলের কাছে তাদের ভুল স্বীকার করলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন।
সময়ের আলো/আরআই