বাংলাদেশি পতাকা হাতে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত
আর কয়েক ঘণ্টা পর বঙ্গোপসাগরে কুতুবদিয়ায় ভিড়বে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। বাংলাদেশ সময় সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার পর পরই নোঙর করবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে এমভি আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিতে নতুন নাবিকদের একটি টিম রওয়ানা দেয়ার প্রস্তুতি নিয়েছে। তারা দায়িত্ব বুঝে নেয়ার পর পুরনো নাবিকরা আগামীকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে লাইটার জাহাজে করে ফিরবেন সদরঘাট এলাকার কেএসআরএমের নিজস্ব জেটিতে। সেখানে স্বজনদের সাথে মিলিত হবেন নাবিকরা। নাবিকদের বরণ করার প্রস্তুতিও নেয়া হয়েছে। এ সময় কুতুবদিয়ায় জাহাজটিতে রক্ষিত চুনা পাথর খালাস কাজও চলবে।
কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সোমবার (১৩ মে) বিকেলে সময়ের আলোকে বলেন, নতুন নাবিকদের টিম যাবে এমভি আবদুল্লাহ জাহাজে। তারা জাহাজটির দায়িত্ব পালন করবে। ২৩ নাবিক আগামীকাল মঙ্গলবার (১৪ মে) ফিরে আসছেন সদরঘাট জেটিতে। সেখানে নাবিকদের বরণ করা হবে। তাদের বরণ করতে স্বজনরা উপস্থিত থাকবেন সেখানে।
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, গত ১২ মার্চ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। এক মাস পর ১৪ এপ্রিল ভোর রাতে মুক্ত হয় জলদস্যুদের কবল থেকে। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামে আরেকটি বন্দরে চুনা পাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা দেয়। সব মিলে ৬৪ দিন পর মুক্ত নাবিকরা দেশের মাটিতে ফিরেছেন।