কুমিল্লা সদর দক্ষিণ থেকে যুদ্ধাপরাধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা।
রোববার (১২ মে) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি চৌকশ দল।
সোমবার (১৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব-১১ এর সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় তার জামাতার বাড়িতে অবস্থান করছেন।
রোববার (১২ মে) রাতে উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সময়ের আলো/এম