ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রাণহানি না ঘটলেও মোংলা ও সুন্দরবন তীরবর্তী বাসিন্দাদের ক্ষতি হয়েছে অনেক। এখনও পানিবন্দি হয়ে আছে প্রায় ৬০ হাজার মানুষ। এ অবস্থায় চরম ভোগান্তি নিয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এমন খবর শুনে তাদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
বুধবার (২৯ মে) সকালে সুন্দরবন উপকূলের কয়রা এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, চিনি ও ঢেউটিন।
কোস্ট-গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাসের সাথে সাথেই বাংলাদেশ কোস্ট গার্ড সকল উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রের গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলকে আশ্রয় কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে।
গত ২৫ মে হতে কোস্ট গার্ডের সকল স্টেশন ও আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্ত শিশু, বৃদ্ধ, মহিলাসহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করেছে।
ঘূর্ণিঝড় রিমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় পুনরায় তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় কোস্ট গার্ড ত্রাণ হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মাঝে বস্ত্র সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আরআই