ময়মনসিংহে লাগেজের ভেতরে এক যুবকের চারটি খণ্ডিত দেহ ও বাইরে অদূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২ জুন) মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মনতলা সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুখ হোসেন জানান, সকালে ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকি অংশ দেখতে পায়। পরে খণ্ডিত মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। মৃত তরুণের বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে মরদেহের মুখ দেখে বোঝা গেছে সে এই এলাকার না। দূরে কোথাও থেকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে হত্যাকারীরা। তবে তার পরিচয় এখনও মেলেনি। পরিচয় শনাক্ত করতে পিবিআই পুলিশ আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সেতুর ওপর থেকে ওই মরদেহ ভর্তি লাগেজ ও খণ্ডিত মাথা ফেলা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে ডিবি পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরআই