কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে রেল লাইন দেখতে গিয়ে কূপে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে স্থানীয় জেলের জালে কূপ থেকে উঠে ভাই-বোনের মরদেহ। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম রাজারকুলের মৌলভি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভাই-বোনের নাম রিহাব (৭) এবং মারিয়া (৫)। তারা সৌদি প্রবাসী মো. আব্দুল্লাহর সন্তান। জানা যায়, রামুর রেল লাইনের ব্রিজের নিচে জমা কূপের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভি পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
এলাকাটির স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে রেল লাইন দেখতে গিয়ে ঘুরতে বের হয়েছিলো তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে নয়াখাল থেকে মাছ ধরে আসার সময় পাশের কূপে জাল ফেলে স্থানীয় এক জেলে। তার জালে উঠে আসে দুই ভাই-বোনের মরদেহ।