চোরাই কারবারির অন্তরালে নিভল জাহেদের জীবন প্রদীপ

সাদমান সময়, মিরসরাই

সারাদেশ

রাত তখন দশটা ছুঁই ছুঁই। গত রোববার (২৩ জুন) বাংলাদেশ-ভারত সীমান্তের চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলীঘাটের মেরকুম

2024-06-25T19:01:30+00:00
2024-06-25T22:42:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চোরাই কারবারির অন্তরালে নিভল জাহেদের জীবন প্রদীপ
সাদমান সময়, মিরসরাই
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৭:০১ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ১০:৪২ পিএম
মিরসরাইয়ে ফেনী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ ভেসে ওঠে। ইনসেটে নিহত শ্রবণ প্রতিবন্ধী জাহেদুল। ছবি: প্রতিনিধি

মিরসরাইয়ে ফেনী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ ভেসে ওঠে। ইনসেটে নিহত শ্রবণ প্রতিবন্ধী জাহেদুল। ছবি: প্রতিনিধি

রাত তখন দশটা ছুঁই ছুঁই। গত রোববার (২৩ জুন) বাংলাদেশ-ভারত সীমান্তের চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলীঘাটের মেরকুম এলাকা। প্রায় দুই শতাধিক লোক সীমান্ত পাড়ি দিয়ে আনছে ভারতীয় চোরাই চিনি ও মাদক। বিপত্তি ঘটে সীমান্তের নো ম্যানস্ ল্যান্ড অঞ্চলে হঠাৎ ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর উপস্থিতিতে। বাংলাদেশিদের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করতে পারেনি মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ফারুক ইসলামের ছেলে শ্রবণ প্রতিবন্ধী জাহেদুল ইসলাম (১৭)। মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টায় তার মরদেহ ভেসে উঠলো নদীতে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, জাহেদ ফেরত আসতে নৌকায় উঠতে চাইলে বিএসএফ সদস্যরা তার মুখে ভারী অস্ত্র দিয়ে বাড়ি দিলে সে নদীতে পড়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। পরদিন সোমবার (২৪ জুন) উপজেলার বারইয়ারহাট ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মী এবং চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর তিন সদস্যের ডুবুরি দল টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরদিন মঙ্গলবার (২৫ জুন) উদ্ধার অভিযান চালানোর কথা থাকলেও ভোর সাড়ে ৬টার নাগাদ সারারাত পাহারায় থাকা পরিবারের লোকজন নিখোঁজ জাহেদুল এর মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। 

এদিকে নিহত জাহেদুল ইসলামের চাচা নজরুল ইসলাম দাবি করেন, ‘এলাকার কিছু চিনি চোরা কারবারি টাকার প্রলোভন দেখিয়ে আমার ভাতিজা জাহেদুলসহ আরও অনেক কিশোরকে চিনির বস্তা বহনে ব্যবহার করতো। ওই রাতেও করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী এলাকার মফিজুল তাকে সীমান্তের ওপারে (ভারত) নিয়ে যায়। পরে বিএসএফ আসলে সবাই পালিয়ে গেলেও আমার ভাতিজা ফেরত আসেনি।’

এ বিষয়ে চিনি চোরা কারবারি সিন্ডিকেটের সদস্য মফিজুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মফিজুল বলেন, ‘ওই রাতে আমার কোন কাজ ছিলো না। করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের জামাল মাঝি ও তার ভাই রাইফুল জাহেদুলকে এ কাজে নিয়ে যায়। আমিও মাঝে মাঝে এগুলো করতাম, এখন আর তেমন করি না।’

পরবর্তীতে জামাল মাঝির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি হলাম মাঝি, আমার কাজ হলো লোকজন সরবরাহ করে দেয়া। আমি মফিজুলকে লোকবল সরবরাহ করি।’ এসময় জামাল মাঝির কাছে চিনি চোরা কারবারিদের তথ্য জানতে চাইলে তিনি জানান বলেন, ‘এখানে বড় কোন মাথা নেই। এলাকার প্রায় ৩০ জনের মতো লোক ভারত থেকে সীমান্ত পার করে চিনি নিয়ে আসেন। স্থানীয়রা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই এই কাজে জড়িত।’

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘করেরহাট ইউনিয়নের আমলীঘাট মেরকুম সীমান্ত দিয়ে প্রতি রাতে হাজার বস্তারও ওপর চিনি চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে। আবার চিনির বস্তার ভেতর অনেক সময় ভারতীয় মদ এবং ফেনসিডিলও আনা হয়। এ কাজে এলাকার উঠতি বয়সী ছেলেদের প্রতি বস্তায় ২শ টাকা দেয়া হয়। এতে প্রত্যেকে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২ হাজার টাকা বেশি রোজগার করে।’ এসময় এ কাজে এলাকার কারা যুক্ত মূল হোতা কে জানতে চাওয়া হলে স্থানীয়রা তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, কিশোর জাহেদুল এর মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এতে শরীরের কোন অংশে বড় ধরণের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় নদীর পানিতে ডুবে থাকার দরুন মুখের একটি অংশে আঘাতের মত সামান্য কিছু ক্ষত দেখা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অলিনগর বিওপি কমান্ডের নায়েব সুবেদার খোরশেদ আলমের সাথে কথা বললে তিনি বলেন, ‘আমরা এসব বিষয়ে কিছুই জানি না। সোমবার সকালে ফায়ার সার্ভিসের লোকজন আসার পর জানলাম একটি ছেলে নদীতে নিখোঁজ হয়েছে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাংলাদেশ-ভারত সীমান্ত  ফেনী নদী  মরদেহ উদ্ধার  মিরসরাই-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: