জুয়া খেলতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর যমুনায় ভেসে উঠল ২ মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ২:১২ পিএম
ইনসেটে নিহতের স্বজনের আহাজারি। ছবি: সময়ের আলো
নিখোঁজের দুইদিন পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
এরআগে, গত বুধবার (২৬ জুন) রাতে নিখোঁজ হন তারা। তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায় আজ (শুক্রবার) সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান সময়ের আলোকে বলেন, সকালে স্থানীয়রা গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নিখোঁজ ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, মাত্র লাশ দুটি উদ্ধার করা হলো। ময়নাতদন্ত রিপোর্ট, পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক তদন্ত শেষে ঠিক কি কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।