কারাগারে তোলা প্রধান আসামির ছবি ফেসবুকে, বাদীর স্বজনরা আতঙ্কে

রুবেল মজুমদার, কুমিল্লা

সারাদেশ

চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার ফজলে রাব্বী নামের আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকলেও কারা অভ্যন্তর থেকে তোলা একটি

2024-07-03T21:11:35+00:00
2024-07-03T21:11:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কারাগারে তোলা প্রধান আসামির ছবি ফেসবুকে, বাদীর স্বজনরা আতঙ্কে
কলেজছাত্র অর্ণব হত্যা
রুবেল মজুমদার, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৯:১১ পিএম 
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি রাস্তায় গেঞ্জি ও প্যান্ট পড়ে দাঁড়িয়ে আছে ফজলে রাব্বী। ছবিটি অভ্যন্তরের বলে নিশ্চিত করেছে কারা  কর্তৃপক্ষ। ছবি: প্রতিনিধি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি রাস্তায় গেঞ্জি ও প্যান্ট পড়ে দাঁড়িয়ে আছে ফজলে রাব্বী। ছবিটি অভ্যন্তরের বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। ছবি: প্রতিনিধি

চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার ফজলে রাব্বী নামের আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকলেও কারা অভ্যন্তর থেকে তোলা একটি ছবিতে ‘ভাই সময় আসবে ইনশাল্লাহ’ এ কথা লিখে তার ভাইয়ের ফেসবুকে পোষ্ট দেয়া হয়েছে। পরে এ ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

রাব্বী কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকার কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি। গত ১৭ মার্চ থেকে তিনি কুমিল্লা কারাগারে আছেন। কারা অভ্যন্তর থেকে তোলা ছবি কিভাবে বাহিরে পাঠানো হয়েছে তা তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এদিকে ওই আসামির ছবি তার ভাইয়ের ফেসবুকে পোষ্ট করার পর থেকে হত্যা মামলার বাদীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে, কারা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় একজন কারা রক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বলে গতকাল মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন। তবে কৌশলগত কারণে তিনি ঐ দায়ী ব্যক্তির নাম প্রকাশ করতে অপরাগতা জানান।
 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ১৫ মার্চ দুপুরে শহরতলীর শাসনগাছা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জামিল হাসান অর্ণব (২৬) নামের এক কলেজছাত্র। তিনি একই এলাকার আজহার উদ্দিনের ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক বিএসএস (পাস) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ রাব্বিকে (৩০) গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে রাব্বী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। এ সময় পুলিশ ও র‌্যাবের অভিযানে মোট ১২ আসামি গ্রেফতার হয়।
 
এদিকে নিহত অর্ণবের পরিবারের অভিযোগ সম্প্রতি রাব্বীর ছোট ভাই একে আল আমিনের ফেসবুকে কারাগারে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাব্বীর একটি ছবি পোষ্ট করা হয়। এতে লেখা হয় ‘ভাই সময় আসবে ইনশাল্লাহ’। পরে সেই পোষ্ট বাদ দেয়া হলেও কারাগারের ভেতরের সেই ছবি রাব্বীর অপর সহযোগীরাই হোয়াটঅ্যাপে বিভিন্ন জনের কাছে পাঠাচ্ছে। গত সোমবার একটি মাধ্যমে এই প্রতিবেদকের হাতে আসা ওই ছবিতে দেখা যায়, কারাগারের ভেতর একটি রাস্তায় গেঞ্জি ও প্যান্ট পড়ে রাব্বী দাঁড়িয়ে আছে। কারা সূত্র ছবিটি কারা অভ্যন্তরের বলে নিশ্চিত করেছেন। 

কারাগারের একাধিক সূত্র বলছে, কঠোর নিরাপত্তার মাঝেও কুমিল্লা কারাগার থেকে হত্যা মামলার আসামির ছবি বাহিরে যাওয়ার বিষয়ে বিব্রত কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে ছবি তোলা ব্যক্তিকে সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

নিহত অর্ণবের বাবা আজহার উদ্দিন বলেন, ছেলে হত্যার বিচার পাবো কিনা জানি না, প্রধান আসামি রাব্বী অস্ত্রসহ কারাগারে থাকলেও বাহিরে তার ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করছে। আসামিরা প্রভাবশালী, আমরা আতঙ্কে আছি। অধিকাংশ আসামি জামিনে চলে এসেছে। হত্যা মামলা না তুললে ছোট ছেলেসহ আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

কে এই রাব্বী?

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দরা বলেন, সন্ত্রাসী রাব্বীর নেতৃত্বে শাসনগাছা বাস টার্মিনালসহ পাশের সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করতো। তার নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণ করা হতো। এক সময় রাব্বী ছাত্রলীগের মিটিং মিছিলে গেলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে দলে স্থান দেয়া হয়নি। শাসনগাছা বাস টার্মিনাল সংলগ্ন লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেমের দলের সঙ্গে মোল্লা বাড়ির রাব্বি ও আলাউদ্দিনের দলের সংঘর্ষ এবং গোলাগুলি হয়। অস্ত্রহাতে সহযোগীদের নিয়ে রাব্বী প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও পরে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। পরে গুলিবিদ্ধ চারজনসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই মামুন বলেন, এ মামলার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত। প্রধান আসামি রাব্বী বর্তমানে কারাগারে আছেন। এরই মধ্যে অস্ত্রের ব্যালেস্টিক রিপোর্ট পাওয়া গেলেও ময়নাতদন্ত প্রতিবেদন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতদের চিকিৎসা সনদ এখনো পাওয়া যায়নি। মামলার অন্যান্য দিক তদন্ত শেষ পর্যায়ে আছে।

সময়ের আলো/আরআই


  বিষয়:   কলেজছাত্র অর্ণব হত্যা  কুমিল্লা কেন্দ্রীয় কারাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: