রাজবাড়ীর কালুখালীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উভয় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ৬টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের পূর্বপাশে গড়িয়ানা কালীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে মো. লিটন হোসেন (৩৫) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের আনছারের ছেলে আনিছুর (৩৫)।
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-১২৩০) ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে সেখানে দাঁড়িয়ে ছিলো। সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৫৩২) ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে পিছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ট্রাকের সাথে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দাঁড়িয়ে ঢাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তিনিও মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির হেলপার লিটন ট্রাকের পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। হঠাৎ ওই ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর নিহত হয়। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই