ডিশের লাইনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:২৯ পিএম
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিশ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল চন্দ্র বর্মন (২২) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ছমিরের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল চন্দ্র বর্মন ওই ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের গাছের ভিটা এলাকার রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ছমিরের বাজারে বিদ্যুতের খুঁটিতে থাকা ডিশ লাইনে কাজ করছিলেন উজ্জ্বল চন্দ্র। কাজের সময় অসাবধানতা বশত বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাত সোয়া আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।