গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই দুর্নীতির ঊর্ধ্বে থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
রোববার (৭ জুলাই) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে আপনাদের কাজের গুরুত্ব রয়েছে। নিয়ম মেনে নৈতিকতার সাথে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশ বিশ্বের বুকে সমৃদ্ধ একটি ভূখণ্ডে পরিণত হবে। তাই সম্মিলিত চেষ্টার মাধ্যমে উন্নয়নমূলক কাজেরধারা অব্যাহত রাখার কোন বিকল্প নেই।
সময়ের আলো/আরআই