চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ২ কোটি সাড়ে ২১ লাখ টাকা ব্যয়ে ৩টি রাস্তা এবং ১টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র মো. মোখলেসুর রহমান। উদ্বোধনী সভায় পৌর মেয়র অভিযোগ করে বলেন, পৌরসভার উন্নয়নমূলক কাজে বাঁধা দিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ডিও দিয়েছেন মন্ত্রণালয়ে। তাই সেই সংসদ সদস্যকে পৌরসভার উন্নয়নের স্বার্থে সরে আসার অনুরোধ করছি এবং যদি তিনি সরে না আসেন, তাহলে আগামীতে পৌর নাগরিকদের নিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা বলে হুশিয়ারি দেন।
শনিবার (১৩ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগিচা রাস্তার কাজের উদ্বোধনকালে পৌর মেয়র এসব হুশিয়ারি করেন।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মো. জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্যানেল মেয়র মোসা. নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের আওতায় এই ৩টি রাস্তা এবং ১টি ড্রেন নির্মাণ করা হচ্ছে।
সময়ের আলো/আরআই