পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও মেয়ে ফারাজানা ইয়াসমিন নামের (২৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ভাই-বোন ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ১০ই মহররম উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এসময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হোন। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হোন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতাবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুইজন কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এ জীবনে আর বেঁচে থাকার দরকার নেই।’
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পার্লুম তাঁত চালাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ে আটকে যায়। তাকে উদ্ধার করতে ছেলে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হোন। এরপর দুইজনকে উদ্ধার করতে মা এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হোন। ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
সময়ের আলো/আরআই