বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মীর উপর গুলি বর্ষণসহ হামলার অভিযোগে ৮’শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আরিচুল হক। মামলায় ২৪ জনের নামোল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানায় মঙ্গলবার এ মামলা দায়ের করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার রাজিব।
মামলার বাদী অ্যাড. রাজিব বলেন, সারাদেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে শান্তি র্যালি করছিলাম। এমন সময় আমাদের র্যালি লক্ষ্য করে হামলা চালায় বিএনপি ক্যাডাররা। হামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মামলা করেছেন বলে জানান তিনি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আরিচুল হক বলেন, গত শুক্রবার (১৯ জুলাই) নগরীর হাতেম আলী চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে সংঘর্ষ হয়। সেই ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলির অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নগরীর সিএন্ডবি রোডে বরিশাল মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দিলে সংঘর্ষ হয়। এতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।