দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র সফল হবে না

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু ও ধ্বংস করার চেষ্টা হয়েছিল। সেই ষড়যন্ত্র কখনো সফল হবে না।

2024-07-25T21:34:28+00:00
2024-07-25T21:34:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র সফল হবে না
চট্টগ্রামে নৌ পরিবহন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৯:৩৪ পিএম 
দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র সফল হবে না
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু ও ধ্বংস করার চেষ্টা হয়েছিল। সেই ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমাদের অর্থনীতি গতিশীল থাকবে। আমাদের লক্ষ্য ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য থেকে কেউ টেনে ধরতে পারবে না। বাংলাদেশের ব্যবসায়ীরা এবং ব্যবসায়ী সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমরা শুনেছি দেখেছি ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। চট্টগ্রাম বন্দরে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দরে সিসিসির এক নম্বর জেটিতে কর্মরত শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চলমান পরিস্থিতির সময়ে চট্টগ্রাম বন্দর অনেক নিরাপদ ছিল উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এ জন্য আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা এখন চট্টগ্রামের বড় বড় সব স্থাপনা রক্ষায় দায়িত্ব পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সঠিক সিদ্ধান্তের কারণে আমরা রক্ষা পেয়েছি। আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

চলমান পরিস্থিতিতে গণমাধ্যমের কথা না বললেই নয় উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আপনারা কিন্তু প্রতি মুহূর্ত চট্টগ্রাম বন্দরের খোঁজখবর সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। মানুষ আশঙ্কায় থাকে চট্টগ্রাম বন্দরে ঠিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা। আপনারা প্রতিনিয়ত সংবাদ দিয়েছেন। কনটেইনার কার্গো উঠানামা হচ্ছে। আপনারা দেশবাসীর কাছে অর্থনীতির সুখের খবর প্রতিনিয়ত দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি আমাদের অর্থনীতির লাইফলাইন এখনো সচল আছে। গেল ক’দিন যে ঘটনা ঘটেছে তার কারণে আমরা অভ্যন্তরীণ ক্ষেত্রে পণ্য পরিবহন করতে পারিনি।

বন্দর কাস্টমসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল সার্ভার স্টেশন, ডাটা সেন্টার পুড়ে দেওয়ার কারণে আমাদের ডিজিটাল প্লাটফরম বন্ধ হয়েছিল। এ সময় কাস্টমস শুল্কায়নসহ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে। এ কারণে সার্বিক অর্থনীতিতে বিরাট ক্ষতি হয়েছে। আমাদের পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতির বিরাট একটা ধাক্কা। আমি জানি না এ ধাক্কা কীভাবে কাটিয়ে উঠবে। তবে পরিস্থিতি এখন আগের চেয়ে উন্নতি হয়েছে। খুব দ্রুত স্বাভাবিক হবে।

রেলপথে কনটেইনার পরিবহন সম্পর্কে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের কার্যক্রম চলছে। আপনারা জানেন রেল বন্ধ হয়ে গেছে, নৌপথ বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। অনেক ব্রিজ কালভার্ট ধ্বংস হয়ে গেছে। অনেক শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমরা আলোচনা করছি। আমাদের রেল আছে। পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ হওয়ার কারণে কমলাপুর আইসিডি অনেক সংকুচিত হয়েছে। পুরো বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আমি মনে করি, খুব দ্রুত জটিলতা কাটিয়ে উঠতে পারবো।

কনটেইনারের ওপর বন্দরের ডেমারেজ আদায় সহজ করা হচ্ছে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অনেক কনটেইনার আমদানিকারক পরিস্থিতির কারণে খালাস করতে পারেনি। তারা চার্জ প্রদানের মুখোমুখি চলে এসেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর ৫০০ কোটি টাকার ওপরে ‘ওয়েভার’ দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। কারণ আমরা তো শুধুই যে ব্যবসা করার জন্য নয়, দেশের অর্থনীতিকে সেবা করার জন্য এ বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। 

তিনি বলেন, ২০১৯ সালে বলেছিলাম, ২০২৪-২৫ সালে আমরা চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের কাজ করবো। কিন্তু পারিনি এটাই বাস্তবতা। কেন পারিনি, কারণ তিন বছর ব্লক ছিলাম। বিদেশি বিনিয়োগকারীরা থেমে গিয়েছিল। এখন আমরা সচল হয়েছি। কিন্তু এখন যে সংকট তৈরি হলো পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের সার্বিক অবস্থার ওপর যে বার্তা গেল সেটা আমাদের জন্য ভালো নয়। 

বিএনপি নেতা মির্জা ফখরুল প্রসঙ্গে তিনি বলেন, দেশ দখল করতে বিদেশ থেকে উস্কানি দেওয়া হয়েছে। সে উস্কানিতে মির্জা ফখরুল বললেন আন্দোলনের সঙ্গে বিএনপি আছে। সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিন্তু এখন মির্জা ফখরুল বলছে এ আন্দোলনের সঙ্গে আমরা নেই। আমরা সমর্থন দিয়েছি, সম্পৃক্ত হয়নি। এত বড় অভিনেতা আমি কোনদিন রাজনৈতিক অঙ্গনে দেখিনি। 

চট্টগ্রাম বন্দর কাস্টমসে বেড়েছে গতি

চলমান পরিস্থিতির কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু সংযোগ ফের প্রদান করার পর শুল্কায়নে গতি বেড়েছে। চট্টগ্রাম বন্দর থেকে বৃহস্পতিবার প্রচুর পণ্য ডেলিভারি নেয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসেও বিল অব এন্ট্রি এবং বিল অব অফ এক্সপোর্ট দাখিল হয়েছে। বন্দর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখন দ্রুত উন্নতি হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও প্রাইভেট আইসিডি থেকে কাভার্ডভ্যান ভর্তি কনটেইনার গেছে বিভিন্ন এলাকায়। আবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে কাভার্ডভ্যান প্রবেশ করেছে প্রাইভেট আইসিডি ও চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে। অপরদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ আসা যাওয়া করেছে। পণ্য ওঠানামাও স্বাভাবিক ছিল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   নৌ-পরিবহন প্রতিমন্ত্রী-খালিদ মাহমুদ চৌধুরী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: