টানা ছয়দিন বন্ধ থাকার পরে সীমিত পরিসরে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় বরিশাল ও ঝালকাঠি দিয়ে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। একই সময়ে ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (২৭ জুলাই) এমভি মানামী ও সুন্দরবন-১৬ বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে গত বুধবার থেকেই বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল শুরু করে। এর আগে কারফিউ শুরুর পর গত শনিবার থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এদিকে লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, সড়ক পথের চেয়ে নিরাপদ ও আরামদায়ক। সেইসাথে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রী চাপ বাড়বে বলে মনে করেন লঞ্চ সংশ্লিষ্টরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নৌ বন্দরে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে নৌ-পুলিশ।