জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস অগাস্ট উপলক্ষে গাইবান্ধায় শোক র্যালি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেট এলাকার দলের জেলা কার্যালয় থেকে শোক র্যালি বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর সেটি কাচারী বাজার, স্টেশন রোড, সার্কুলার রোড হয়ে আবারও দলের জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে অগাস্টকে শোকের মাস হিসেবে পালন করে থাকে আওয়ামী লীগ। আর সারা দেশে রাষ্ট্রীয় নানা আয়োজনে ১৫ অগাস্ট পালিত হয় জাতীয় শোক দিবস।
সময়ের আলো/আরআই