নির্বাচনের ৬ মাস পর দায়িত্বভার বুঝে পেলো রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি। রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবনের কার্যনির্বাহী কমিটির কক্ষে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
চলতি বছর ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সংগঠনটির নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার বুঝিয়ে দেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম। ২১ সদস্যের অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দায়িত্ব বুঝে পান আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে জমসেদ আলী।
দায়িত্ব গ্রহণকালে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পরবর্তী সময় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে নির্বাচিত হয়েও ক্ষমতার হস্তান্তর হয়নি। তবে, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নির্বাচন কমিশন দীর্ঘ ৬ মাস পর আমাদেরকে কমিটির দায়িত্ব বুঝিয়ে দেয়। পূর্বের ঘটে যাওয়া বিষয়গুলোকে আলোকপাত করতে চান না বলেও জানান নির্বাচিত কমিটির শীর্ষ নেতারা।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের প্যাডে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম, কমিশন সদস্য শামীম হায়দার দারা ও মনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত দুই পাতা সম্বলিত নির্বাচনী ফলাফল ও নতুন কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।
সময়ের আলো/আরআই