ছয়দিন পর আবারও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সিলেটের ট্রাফিক পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে তাদের দেখা যায়। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করেন। ট্রাফিক পুলিশ দায়িত্বে ফেরায় খুশি শিক্ষার্থীরা। আর নতুন করে কাজের প্রতিশ্রুতি ট্রাফিক সদস্যদের।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উধাও হয়ে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। ভেঙে পড়ে সিলেটের সড়কের শৃঙ্খলা। যত্রতত্র পার্কিং, লেন না মানাসহ নানা কারণে বাড়তে থাকে সড়কে বিশৃঙ্খলা। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাস্তায় নামেন সড়কের শৃঙ্খলা ফেরাতে। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। তাদের সাথে যোগ দেন রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরাও। 
সোমবার (১২ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা করে সড়কে ফেরেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সিলেট নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, মেন্দিবাগসহ বিভিন্ন পয়েন্টে কাজে যোগ দেন। এ সময় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নতুন করে সেবা কার্যক্রম চালানোর কথা জানান ট্রাফিক পুলিশ সদস্যরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের টিএসআই শাহীন কবির জানান, আমরা মাঝে কয়েকদিন কাজে ছিলাম না। আজ (সোমবার) সকালে সিনিয়র অফিসারদের নির্দেশে কাজে যোগ দিয়েছি। ছাত্ররা আমাদের ফুল দিয়ে বরণ করেছে। আমরা নতুন করে দেশের কাজে নতুনভাবে কর্ম উদ্দীপনা শুরু করেছি।
এদিকে সকাল ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান সিলেট নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, তিনদিন আগে থেকে সিলেট মেট্রোপলিটন এলাকায় থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ (সোমবার) সকাল থেকে ট্রাফিক পুলিশ কাজে নেমেছে। বিভিন্ন স্থান পরিদর্শন করে সঠিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছি।
সময়ের আলো/আরআই