শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তদের দ্বারা জয়পুরহাট সদর থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া মেশিনগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। রোববার (১১ আগস্ট) সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্রজনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিচমী বাজার এলাকায় জয়পুরহাট সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের শফিক এর নির্দেশক্রমে মেজর রেজা আহমেদের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় এই লুট কৃত অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে বিভিন্ন সময়ে জেলা আনসার ব্যাটালিয়ান ও সাধারণ আনসার সদস্যরা থানা ও তার আশেপাশের এলাকা হতে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় জমা দেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই খোদার নির্দেশনায় মালামাল জমা দেন সদস্যরা।
মালামাল গুলোর মধ্যে- টিয়ার সেল নিরপেক্ষের ১টি, টিয়ার গ্যাস সেল ৯টি, মোটরসাইকেল ৪টি, ল্যাপটপ, চাবির গোছা, হাত কড়া, ক্যামেরা, মেটাল বডির খেলনা পিস্তল ১টি করে, ওয়াকিটকি ব্যাটারি ৯টি, রাবার কার্তুজ ১ ও ৩ রাউন্ড সীসা, ফাইল ৫টি এবং মোবাইল ফোন ৩টি।।
জেলা কমান্ড্যানট মির্জা সিফাত-ই খোদা বলেন, চলমান পরিচিত মোকাবেলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলার ৫টি থানায়, ট্রাফিক পয়েন্ট ও সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে আমাদের আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে বেশ কিছু মালামাল উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। গ্রাম এবং মন্দির নিরাপত্তার জন্য জেলার ৫৭টি কমিটিতে ১৯৬ জন সদস্য কাজ করে যাচ্ছে। এছাড়াও জেলা প্রশাসক, জেলা জজের বাসভবন ও জেলখানা নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আরআই