লক্ষ্মীপুরে পৃথক ২ শিক্ষার্থী হত্যা, চেয়ারম্যান টিপুসহ আসামি ১০৬৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান ও সাব্বির আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলাতেই

2024-08-15T20:10:09+00:00
2024-08-15T20:10:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে পৃথক ২ শিক্ষার্থী হত্যা, চেয়ারম্যান টিপুসহ আসামি ১০৬৬
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:১০ পিএম 
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান ও সাব্বির আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলাতেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে। এ দুই মামলায় ১৬৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফনান ও সাব্বির হত্যা মামলায় পৃথক দুটি মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইউসুফ পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, মান্দারী ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লাহারকান্দি ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

থানা পুলিশ জানায়, ১৪ আগস্ট রাতে আফনান হত্যার ঘটনায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। একদিন রাতে সাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দুটি মামলাতেই সদর উপজেলা চেয়ারম্যান টিপুকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকালে শহরের বাগবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। এরপর মিছিল নিয়ে আন্দোলনকারীরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে। এ সময় মাদামব্রিজ এলাকা থেকে পাল্টা মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঝুমুর সিনেমা হলের দিকে যেতে চাইলে দুই-পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে সালাহউদ্দিন টিপু। এরপর নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনের সামনে ও ছাদে অবস্থান নেয় টিপু। এ সময় আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের চকবাজারের দিকে যেতে চাইলে সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু নিজ বাসভবনের ছাদ থেকে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাদ আল আফনান, লক্ষ্মীপুর সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউসার ওয়াহেদ বিজয়, শিক্ষার্থী ওসমান গনি, দালাল বাজার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সাব্বির মারা যায়। গুলিবিদ্ধ হয় দুই শতাধিক শিক্ষার্থী। পরে সালাউদ্দিন টিপুর দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্দরা।

এক পর্যায়ে টিপুসহ তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত একেএম সালাহ উদ্দিন টিপু পলাতক রয়েছে।
টিপু লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের মেজো ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, দুটি হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলরসহ ১০৬৬ জনকে আসামি করা হয়েছে। হত্যা মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কোটা আন্দোলন-শিক্ষার্থী হত্যা-মামলা  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: