বরিশালের গৌরনদীতে টাকা না দেয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলো। শনিবার (১৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার পাশাপাশি পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহত রাশেদ সিকদার (২৪) গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে।
স্বজনদের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি আনোয়ার হোসেন বলেন, রাশেদ সিকদার ঢাকায় থাকতেন। তিনি সম্প্রতি গ্রামের বাড়িতে বেড়াতে আসলে কিছু যুবক টাকা চায়। তবে সেটি ধার বাবদ না চাঁদা বাবদ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর ওই টাকা না পেয়ে শুক্রবার সন্ধ্যায় রাশেদকে তারা মারধর করে। তখন কাঠ দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয় বলে জানিয়েছে স্বজনরা।
স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদ সিকদারকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেকেই চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
এদিকে নিহতের বাবা কালাম সিকদার জানান, রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো। শুক্রবার বিকেলে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাশেদকে মারধর করে গুরুতর আহত করে। আর হামলাকারীদের অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি স্বজনদের। আর হামলাকারীরা রাশেদের কাছে চাঁদা চেয়েছিল। যা না দেয়ায় হামলার ঘটনা ঘটেছে।
তবে এখানে রাজনৈতিক কোন বিষয় এখনও সামনে আসেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
এদিকে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পরিবার। এলাকা সূত্রে জানা গেছে, রাশেদ ঢাকায় সক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন।
সময়ের আলো/আরআই