সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় বার্নিকাটের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে সাদেক খানের বিরুদ্ধে।
সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৭ সালে সাদেক খান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি তখন দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।