সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার (২৪ আগস্ট) মধ্য রাতে মামলাটি করেছেন। মুখলেছুর রহমানের বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে।
রোববার (২৫ আগস্ট) বিকেলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৩ আগস্ট মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। মামলার বাদী মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। এরপর সেখানে সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু ও মো. জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, ‘মুখলেছুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করেছেন। তাই ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’
মুখলেছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তার পকেট থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, মামলার আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। একজন উপ-পরিদর্শককে (এসআই) মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।
সময়ের আলো/আরআই