সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৪ বোতল এলএসডি, ২ কেজি ভারতীয় হেরোইন ও ৩৩৭ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১ সেপ্টেম্বর) ভোর রাত চারটার দিকে ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
আটক পাচারকারী সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালী গ্রামের নসিম উদ্দিন গাজীর ছেলে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের মেইন পিলার ২ এর সাব পিলার ৬ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। আজ (রোববার) ভোর রাত সোয়া ৪টার দিকে কয়েকজন চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে পালিয়ে যেতে থাকে। এসময় তাদের মধ্যে থেকে মোহাম্মদ গাজী নামের এক মাদক কারবারিকে আটক করে তার কাছ থেকে ৪ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা মূল্যের ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক আসামি মোহাম্মদ গাজীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অপরাধে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
সময়ের আলো/আরআই