সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি মামলা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন গুলিবিদ্ধের ঘটনায় ডবলমুরিং থানায় নিজেই মামলাটি করেন আনোয়ার হোসেন নামে এক রিকশা চালক।
এদিকে মামলটি রোববার (১ সেপ্টেম্বর) রাতে রেকর্ড হলেও আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।
ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত হিসাবে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে অন্যদের মধ্যে আছেন সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউক।
মামলার বিবরণে বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন। মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
সময়ের আলো/আরআই