গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম মতবিনিময় করেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং তাদের বক্তব্য শুনে এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, গাজীপুরে তার কর্মকালে অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে পুলিশ। পুলিশি সেবাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, পুলিশ হচ্ছে জনগণের জন্য। পুলিশের ওপর জনগণের আস্থা না থাকলে পুলিশিং করা যাবে না। এবারে পুলিশ টের পেয়েছে। শুধু লাঠি, অস্ত্র আর ক্ষমতার বাহাদুরি দিয়ে কিছু হয় না। পুলিশের প্রতি জনগণের আস্থা থাকতে হয়। পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে হয়েছে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল, তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে। এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার ঘুরে দাঁড়াবে এবং জনগণের আস্থা অর্জন করবে। আমরা এ দল, সে দল আমরা বুঝি না, আমরা আর কোন দলের হয়ে কাজ করবো না। আমাদের প্রধান কাজ হবে দেশের আইন শৃঙ্খলা বজায় রেখে পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা। আমরা মাদক, যানজট, চাঁদাবাজি নির্মূল নিয়েও কাজ করবো। আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গাজীপুর থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, গাজীপুর এটিএন বাংলার সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, ইত্তেফাকের মুজিবুর রহমান, দিনকালের দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রতিদিনের খায়রুল ইসলাম, দেশ রূপান্তরের মো. আমিনুল ইসলাম, সংগ্রামের রেজাউল বারী বাবুল, যমুনা টিভির পলাশ প্রধান, সময় টিভির রাজিবুল হাসান, সমকালের ইজাজ আহমেদ মিলন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার আহবারউজ্জামান, উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ, মো. ইব্রাহিম, মো. আলমগীর হোসেন, আবু তোরাব মো. শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই