কুড়িগ্রামের রাজারহাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রফিকুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে উপজেলার সিংগেরডাবরী দোলায় একটি ব্রিজের পাশে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এরআগে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিংগারডাবরী দোলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিহত রফিকুল ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিম উদ্দিনের ছেলে।
ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক বিষয়টি নিশ্চিত করে এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রফিকুল ইসলাম শৌখিন মাছ শিকারি। গতকাল (বুধবার) বিকেলে সিংগারডাবরী হাটের দোলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন। তিনি মৃগী রোগী ছিলেন।
রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে জুয়েল মিয়া নামে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি নাগেশ্বরী উপজেলার বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে বলে জানা গেছে।
চিলমারী মডেল থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/আরআই