কক্সবাজার টেকনাফে সাগর পথে ট্রলার যোগে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে নারী, পুরুষ ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগর পথে অনুপ্রবেশ করেছে।
ওসি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/আরআই