দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী টানেল কার নির্দেশে কাদের জন্য করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করে দেখলে অনেক কিছুই জানতে পারব। বাণিজ্যে কোথায় বৈষম্য ও অব্যবস্থাপনা তা ব্যবসায়ীদেরই খুঁজে বের করতে হবে। কোনো ব্যক্তি বা সরকারের একার পক্ষে এটা করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা-বাণিজ্যে আমূল সংস্কার হয়ে যাবে।
শনিবার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ব্যবসায়ীদের পক্ষে ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’ অনুদান গ্রহণ ও মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এসব কথা বলেন। এ সময় খাতুনগঞ্জের ব্যবসায়ী আবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তিনি খাতুনগঞ্জের গুরুত্ব তুলে ধরে বলেন, বাণিজ্যের হৃদস্পন্দন খাতুনগঞ্জ। বাণিজ্য চট্টগ্রামের মানুষের মানস গঠনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। আমরা অভিযাত্রী, বিশে^র বিভিন্ন বন্দরে প্রান্তরে আমরাই প্রথম অভিযান শুরু করেছি। সুতরাং কী করলে অব্যবস্থপনা দূর করার সর্বোত্তম উপায় হবে, সে বিষয়ে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা আপনাদের মতো করে সমাধান করতে। যে কোনো উপায়ে খাতুনগঞ্জের গৌরব ঐতিহ্য আমাদের ফেরাতে হবে।
উন্নয়নে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঢাকা-মাওয়া রোড কি আপনারা দেখেছেন? ঢাকা-চট্টগ্রাম রোডের পরিস্থিতি আমাদের উন্নয়নের কোন গভীর খাদে নিপতিত করেছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। এ ছাড়া চট্টগ্রামের কর্ণফুলী টানেল কার নির্দেশে, কাদের জন্য করা হয়েছে যদি তা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি, তবে অনেক কিছুই জানতে পারব।
চলমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এটাই সংস্কারের শেষ সুযোগ। আমরা অনেক দিন ক্ষমতায় থাকতে আসিনি, পরিবর্তন করতে এসেছি। আমরা যদি পরিবর্তন করে দিয়ে যেতে না পারি তবে এই দেশ শেষ হয়ে যাবে। কী চাকরিজীবী, কী পেশাজীবী, আমরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে চাই তবে এ অগ্রযাত্রায় প্রত্যেককে সহযোগী হতে হবে।
এর আগে শনিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।
পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক-ই-আজম সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে পূজা কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন।