মহাসড়কে মাদকাসক্ত চালক প্রমাণ পেলে তার লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিকৈরে চন্দ্রা এলাকায় যানজট, চাঁদাবাজি ও মাদক মুক্ত এবং নিরাপদ সড়কের জন্য মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে যানজট ও চাঁদাবাজি, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড হয়। যাত্রীদের বিভিন্ন সময় হয়রানি করা হয়ে থাকে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় চন্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের দোসরা। আজকের পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী, শ্রমিক পরিবহণ সদস্যদের সহযোগিতায় চন্দ্রার সকল ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করা হবে।
গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মালিক সমিতির ভারপ্রাপ্ত সহ-সভাপতি রাইজুদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশের টিআই পরিচালক শাহাবুদ্দিন, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ, নাওজোড় থানা ওসি রইছ উদ্দিন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী খান, গাবতলী সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কিরন মাহমুদ, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, গাজীপুর জেলার বাস মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন, উপজেলা বিএনপির ত্রাণ পুনর্বাসন সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাকর্মীরা।
সময়ের আলো/আরআই